Wednesday, 12 April 2017

।। নারী শুধুই পণ্য ।।

পুরুষে পুরুষে যুদ্ধ হয়
জয়ের মাপকাঠি হয় নারী---
ধর্ম নিয়ে উন্নাসিক!
মনুষ্যত্বের সঙ্গে আড়ি!

রক্ত মাংসের নারীদেহ
নিত্য নতুন হাতবদল---
কঙ্কালেরও নিস্তার নেই!
দুই পক্ষের দেহ দখল!

নারীদেহের জাত হয়না?
হয়না ধর্ম কোনো?
বিধর্মী দেহ ভোগ করলেও
জাত যায়না জেনো!

আদিম খেলায় মত্ত সবাই
নারীর দেহের অধিকার!
প্রতি পদে পশ্চাদ্ধাবন---
গর্জায় শুধু পুরুষাকার!

কেউ বা আবার কলম দিয়ে
অবলীলায় জনসংখ্যা রোখে!
এপার ওপার দুই পক্ষই
নারীকে শুধু পণ্য করেই রাখে!
__________________________
© মমতা সিনহা

।। শরীর ।।

শরীর তো পণ্য একটা
দরদাম হাটে --
পোষালোনা দেখে ফিরে চলে বাটখারা হাতে
মুদিখানা ব্যবসায়ী -
শরীর সে তো ধর্ম বিহীন ,
রক্ত মাংস লোলুপ --
শরীরের সব কটি ভাঁজে তোর চুল চেরা দৃষ্টি
টসটস করে ঝড়ে পড়ে লালা !
যেমন কুকুরের জিভে লালা ঝড়ে পড়ে
মাংস পিণ্ড দেখে ---
শরীর তোর কত দাম আমি জানি না ,
এত ভাঙ্গা চোরা ভালবাসা চেটেপুটে খায় --
শরীর তবুও শরীর হয়েই শরীরেতে থেকে যায় ॥
_________________________
© বৈশাখী চ্যাটার্জী

।। অনামিকা ।।

                 
।। এক ।।

কাকলি রায় । বয়স ৪৭ । সহ শিক্ষিকা । চৌবানি গার্লস হাই স্কুল । বিবাহিতা কিন্তু নিঃসন্তান । অনেক চেস্টা করেছিলেন একটি সন্তানের জন্য । কোন লাভ হয় নি । তাই তাঁর অপত্যস্নেহ তিনি প্রকাশ করেন তাঁর স্টুডেন্টদের মধ্যে দিয়ে । যদিও তা প্রকাশ পায় ভিন্নরূপে । ভীষণ কড়া শিক্ষিকা তিনি । ছাত্রীদের ভবিষ্যৎ গঠন করতে চান তিনি কঠোর নিয়মশৃঙ্খলার ও অনুশাসনের মধ্যে দিয়ে । সেখানে পান থেকে চুন খসলে ভীষণ রেগে যান তিনি । প্রতিদিন স্কুলের প্রেয়ার লাইনে সবার আগে উপস্থিত হন তিনি । তারপর প্রতি সারির ছাত্রীদের হাতের নখ থেকে শুরু করে চুলের বিনুনি পর্যন্ত কঠোরভাবে পরীক্ষা করেন । কোন ছাত্রীর কপালে টিপ দেখলে, বা কানে একটু বড় বা ঝোলা দুল দেখলে সঙ্গে সঙ্গে তিনি তা বাজেয়াপ্ত করেন । ছাত্রীরা তাঁকে ভীষণ ডরায় ।
শ্রেণী নবম । অনামিকা লাহা । ক্লাসে প্রথন হয় একেবারে প্রথম শ্রেণী থেকে । সুন্দরী চঞ্চলা সদ্য কিশোরী । দুচোখ ভরা স্বপ্ন । ইদানীং মাঝে মাঝেই বিনা কারণে গা শিরশির করে তার । স্কুলে ঢোকার আর বার হবার সময় পাশের বয়েজ স্কুলে ছেলেগুলো যখন হাঁ করে তার দিকে চেয়ে থাকে গা টা শিরশির করে ওঠে তার । একটা অব্যক্ত ভালোলাগা বয়ে যায় শরীরমন বেয়ে । মাঝে মাঝে সেও আড়চোখে দেখে আর মুচকি হাসে । সাহসটা বরাবরই বেশি তার ।
আজ ইচ্ছা করেই কপালে একটা মেরুন টিপ আর চোখে একটু আই-ব্রাশ করে এসেছে অনামিকা । দাঁড়িয়েছে একেবারে লাইনের প্রথমে । মুখে মিটিমিটি হাসি । পেছন থেকে সেকেন্ড গার্ল সরসী আঙুল দিয়ে পিঠে একটা গোঁজা দিল ।
“কি হল রে?”, শুধায় অনামিকা ।
“মুখ ধুয়ে আয় শিগগির…। এখুনি লেডি হিটলার আসবেন । দেখতে পেলে তোর আর রক্ষে নেই…”, ভয় মিশ্রিত কন্ঠে বলল সরসী । কাকলি ম্যাডামকে আড়ালে লেডি হিটলার বলে ডাকে সব ছাত্রী ।
“ও…!”
“তুই আজ মার খাবি মনে হচ্ছে !”
“অত ভয় খাস না । আমাকে কিছু বলবেন না দেখিস…” বলতে বলতেই কাকলি ম্যাডামের প্রবেশ । দশম শ্রেনির লাইন থেকে পাঁচজনকে লাইনচ্যুত করলেন তিনি । নবম শ্রেনির লাইনের সামনে এসেই দাঁড়িয়ে গেলেন তিনি ।
“এটা কি ?”…গনগনে দৃষ্টি হানলেন অনামিকার দিকে চেয়ে ।
“কি ম্যাড্যাম ?”, মিনমিনে সুরে বলল অনামিকা ।
“চোখে কি মেখে এসেছিস ? যত্তসব ! যা, লাইনের বাইরে গিয়ে দাঁড়া ! ভালো করে মুখ ধুয়ে তারপর ক্লাসে ঢুকবি ।”
মাথা নিচু করে ঘাড় বেঁকিয়ে দাঁড়িয়ে থাকলো অনামিকা । ভ্রু কুঁচকে মাটির দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে সে ।
“কথা শোন…!”, রুক্ষস্বরে বললেন কাকলিদেবী ।
“তো কি হয়েছে… আমি যাব না ।”, চোখে চোখ রেখে বলল এবার অনামিকা ।
থাপ্পড়ের আওয়াজটা বোধহয় রাস্তা থেকেও শুনতে পেল পথচলতি মানুষজন । ছুটে আসলেন বড়দি । ফর্সা গালে পাঁচ আঙুলের দাগটা দেখে মনে হচ্ছে এই বুঝি গাল ফেটে রক্ত গড়িয়ে পড়বে । পেছনে সরসীকে ইশারা করলেন বড়দি । সরসী অনামিকাকে ধরে ধীরে ধীরে টয়লেটের দিকে নিয়ে চলে গেলো…

                                  ।। দুই ।।
ক্লাস শুরুর ঘন্টা পড়ে গেছে । চক-ডাস্টার আর নাম ডাকার খাতা নিয়ে নবম শ্রেনীতে ঢুকলেন কাকলি দিদিমনি । চেয়ারে বসতে গিয়ে লক্ষ্য করলেন বোর্ডে কিছু লেখা আছে । চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বোর্ডের দিকে মুখ করে দাঁড়ালেন তিনি । বোর্ডের উপরে বামকোণে স্পষ্ট অক্ষরে লেখা রয়েছে দুটি লাইন –
“ লেডি হিটলারের কোন ছেলে-মেয়ে নাই,
  তাই তার মনে কোন দয়া-মায়াও নাই ।”

হাতের লেখা অত্যন্ত পরিচিত । ক্লাসের দিকে ঘুরলেন তিনি । সারা ক্লাস মাথা নিচু করে বসে আছে । চোখ দিয়ে টপটপ করে দু-ফোঁটা জল পড়ল তাঁর । ধীরে ধীরে নাম ডাকা খাতা খুললেন । নাম ডাকতে গিয়ে দুবার গলা বুজে এলো । গলা খাঁকারি দিয়ে পরিষ্কার করলেন গলাটা । নাম ডাকা হয়ে গেলে ধীরে ধীরে বেরিয়ে গেলেন ক্লাসরুম থেকে ।
একটু পরে গ্রুপ ডি স্টাফ্ কমলা এসে অনামিকাকে বললেন…
“বড়দি তোমায় ডাকছেন…” ।
মুখ শুকিয়ে গেলো অনামিকার । ছলছল চোখে উঠে দাঁড়াল সে । তারপর ধীরেপায়ে বড়দির ঘরের সামনে গিয়ে দাঁড়াল সে । ভেতরে বড়দি আর কাকলি ম্যাডাম বসে আছেন ।
“আসব ম্যাডাম ?”, কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করলো সে ।
“এসো”, গলদ্গম্ভীর স্বরে ডাকলেন বড়দি তাকে ।
ভেতরে ঢুকতেই কাকলি ম্যাডাম উঠে দাঁড়ালেন । এক পা পিছিয়ে গেল সে । হঠাৎ প্রবল বেগে জড়িয়ে ধরলেন তিনি অনামিকাকে । হাউহাউ করে কাঁদতে লাগলেন ।
“বিশ্বাস কর, আজ থেকে আর তোদের কাউকে কিছু বলবো না রে…। আর কাউকে কোনদিন বকব না । আমার ছেলেমেয়ে নেই তো কি হয়েছে ? আজ থেকে তুই আমার মেয়ে…!”, কথা জড়িয়ে গেলো শেষের দিকে । এদিকে অনামিকাও কাঁদতে লেগেছে ফুঁপিয়ে ফুঁপিয়ে ।
________________________
© ফিরোজ আখতার

চাবি

    ওই সিন্দুকের চাবিটা যদি পেতে, দেখতে মুহূর্তরা অপেক্ষায় নিজেদের মেলে ধরার জন্য। হিম হয়ে থাকা কত কান্না, শতাব্দীর পরতে পরতে। যদি ছুঁতে পারতে, ওরা নিশ্চিত গলে যেত। জানি, প্লাবনে বড় ভয় তোমার। কিন্তু তারপরেও যে একটা মিষ্টি, অন্যরকম ভোর থেকে যায়, নতুন করে ভাবার, দেখার, জানার, চেনার। ওকেও, নিজেকেও।

    কি বলছ? ও বড়ই অগম। হোক না, ক্ষতি কি? সূর্যোদয়ের কাঞ্চনজঙ্ঘা কিমবা নিতান্তই আটপৌরে চাঁদ, ওরাও তো তোমার-আমার সীমানার বাইরে। তবুও তো কি সুন্দর, কি মন ভাল করে দেয়া। ছুঁতে না পারলেও, মনে হয়না ওই লাল-সোনালি রঙ আমার জন্যে? আজকের জ্যোৎস্নাটা বড়ই খুশিয়াল, শুধু আমি দেখছি বলে?

    যে মানুষটা সারাক্ষন চোখের সামনে - কলঘর, হাতা-খুন্তি, home task, রুমাল, tv, বই এবং শোয়ার ঘরের একান্ত মুহূর্তে। যাকে ইচ্ছে করলেই উল্টেপাল্টে দেখা যায় - নানা পোশাক পরিয়ে অথবা না পরিয়ে, আলো অথবা অন্ধকারে। অনায়াসেই ভিজিয়ে দিতে পার তাকে, সেও ভিজে যায়। কিন্তু কামশাস্ত্র ঘেঁটে ফেলা সঙ্গমের পরও কি মনে হয়না কি যেন পাওয়া হলনা? কিছু মহার্ঘ আজো আছে বাকি? ভেজাতে তো পারোই তুমি সহস্র কামকলায়, কিন্তু দেখেছ কি কখনো তার চোখে চোখ রেখে, তাকে বৃষ্টি হয়ে যেতে?

    হয়তো জান তুমি। হয়তো তুমিও কাঁদো তার করুণ আদ্রতার ছোঁয়ায়। তাই হয়তো সমস্ত জানালা-দরজা বন্ধ করে দিয়ে, তাকে করে তুলতে চাইছ আরও তুমিময়, তুমুল বিপন্নতায়। হয়তো তাই পবিত্র ক্ষোভে মুখ ঘস পাথরের নারীতে, অমৃতের আশায়। কিন্তু এতে তো আরও ক্ষয়ে যাচ্ছ তোমরা, ক্ষইছে না শুধু চাবি না পাবার ক্ষোভ।

    ওরা তো সময়ের শুরু থেকেই বসে আছে প্রতীক্ষায়, চাবিটা তুলে দেবে বলে। কিন্তু নিতেও যে জানতে হয় বন্ধু। যদি পারতে, দেখেতে - ভাঙা স্লেট পেন্সিল, ষোলোর শুকনো গোলাপ আর এখনকার নীল খামের পাশে তুমিও আছ বড়ই যত্নে।

ভালো রেখ, ভালো থাকবে তাহলে।।।
______________________________
© শোভন বাগ

সফদর

চৌরাস্তা আজও শুয়ে, বইছে কঠিন মৃত্যুশোক,
শোক ভুলতেই ফিদা হুসেন তুলির ডগায় আঁকছে মন,
পথের ধর্ম পথই খোঁজা, খুঁজতে থাকা পথিক লোক --
সবই আছে আগের মতো, শুধু ফিরবে না সে পথের স্বজন!

আরশিতে কি কাটবে মোহ, 'কুর্সি'তে জিভ আটকে যার--
'হল্লা বোল' স্পর্ধা জেগে, শিকল ভাঙে তীক্ষ্ণচোখ ।
রাস্তাগুলো মঞ্চ বেঁধেই সূর্য ডাকে, সময় থাকে বাজনদার !
পথের ধর্ম পথই খোঁজা, পথ খুঁজে নেয় নিজের লোক।
_______________________
© কৌস্তভ

Saturday, 25 March 2017

।। সাহারার মরুভূমি ।।

আমি একলা দাঁড়িয়ে বিরাট ভীষণ
সাহারার মরুভূমি---
বহুযুগ থেকে বালিয়াড়ি হয়ে...
দুর্গম সীমাহীন রহস্য নিয়ে ,

কোনো এক কালে সবুজ বনানী ছিলো ,
কতো নদী বয়ে গেছে বৃষ্টির কতো জল ,
কতো পাখি গেয়ে যেতো গান --
মানুষ কেটেছে সবুজের বন ,
প্রকৃতি পেতেছে বালির চাদর !
বড় অভিমানে চিরবসন্ত বিদায় দিয়েছি আমি..
কখনও উষ্ণ আবার শীতলও  ,
তবু ভালবাসা ভরা বৃষ্টির সুখ দেয়নি কোনো আকাশ ,
আজ ভীষণ শুকনো তৃষাতুর আমি বালি ।

হঠাত্ তুষার ঝড় আলজিরিয়ার বুকে ,
ভালবাসা যেনো তুষারবৃষ্টি হয়ে --
শুভ্র সাদায় আমাকে ঢেকেছে আজ ,
ভালবাসা আজ চুম্বন হলো ,
ভালবাসা আজ শরীরী মিলন ,
ভালবাসা আজ শুকনো মাটিতে এক বুক জমা জল ---
আজ তৃপ্ত সাহারা মরুভূমি এক -তৃপ্ত বালির প্রান্তর ॥
___________________________
© বৈশাখী চ্যাটার্জী

।। একটি কন্ডোমের আত্মকথন ।।

           আমি উন্নতমানের ল্যাটেক্স নির্মিত স্ট্রবেরি ফ্লেভারের একটি লাক্সারি কন্ডোম। জন্মনিরোধক লুব্রিকেটিং জেল মাখানো। কারখানার মেশিনে প্রোডাকশনের পর একটি আলাদা এয়ারটাইট প্যাকে ভরে আমারই মত প্যাকড আমার আরও দুই জাতভাইয়ের সঙ্গে আমাকে একটা ট্যাম্পারপ্রুফ প্যাকে ভরে সদ্য সিল করা হয়েছে। এরপর আমাকে এমন আরও অনেক প্যাকের সঙ্গে কোনও মেডিক্যাল স্টোরে পাঠানো হবে।
        স্টোরের তাকে আমার বাক্স রাখা থাকবে সব ওষুধের বাক্সের পাশে। লোকে সারা দিনরাত কত কত ওষুধ নির্দ্বিধায় কিনবে। কিন্তু আমার বাক্সটার দিকে চোখ কুঁচকে তাকিয়ে  কোনওমতে দেখাবে। সে টানটান সদ্য যুবাই হোক অথবা টাকমাথা ভুঁড়িওয়ালা মধ্যবয়সী। সদ্যবিবাহিত বর ই হোক বা ডেটিংয়ের প্রেমিক। কিংবা বেশ্যালয়গামী বাবু। অথচ ওষুধের মত আমারও নাম আছে।
         আমাকে জন্মনিরোধক বলা হয়। ' নিরোধ ' ও বলে কোনও কোনও নির্বোধ। হ্যাঁ, বলতে বাধ্য হচ্ছি তারা নির্বোধ।  সঙ্গমকালে ল্যাটেক্স ফেটে গিয়ে অবাঞ্ছিত জন্মের ঘটনা প্রায়শই ঘটে। আর যারা আমাকে যৌনসংক্রামিত রোগের নিরোধক বলে ঢালাও প্রচার চালায়,  তারা নিজেরা নির্বোধ, না এই সব প্রচার চালিয়ে গণ ব্রেনওয়াশিংয়ের মাধ্যমে জনগণকে নির্বোধ বানাতে চায়, আমার জানা নেই।
       যৌনসংক্রামিত রোগ আমাদের ব্যবহারের মাধ্যমে কিছুটা হয়ত নিয়ন্ত্রিত হয়। সেটা খুব সামান্য। কোনও কোনও যৌনরোগ তো বীর্য এবং যোনিরস ছাড়াও যে কোনও দেহতরলের ( যেমন-লালা) মিশ্রণের মাধ্যমে সংক্রমিত হতে পারে। দেশের নাগরিকদের মধ্যে উন্নত মূল্যবোধের প্রসার না করে শুধু আমাদের ব্যবহারের কথা ফলাও করে প্রচার করলে সেটা একেবারেই 'বহ্বারম্ভে লঘুক্রিয়া' হয়ে দাঁড়াবে। ( অনেকটা বড় বড় গাছ কেটে অনিয়ন্ত্রিত নগরায়ণের পর ' আপনার ফ্ল্যাটের বারান্দায় একটি তুলসিগাছ হলেও লাগান। বৃক্ষরোপণ করুন। ' জাতীয় হাস্যকর প্রচার।)
        আর হচ্ছেও তাই। যাঁরা সত্যিকারের বহুগামী তাঁরা ' এ সব ব্যবহারে মস্তি আসে না' বলে আমাদের দিক থেকে মুখ ফিরিয়েই রাখেন। হাজারো ফ্লেভার দিয়েও, লক্ষ স্বল্পবসনা পর্নোস্টারকে মডেল করিয়েও আমাদের ব্যবহারের জন্য এঁদের উৎসাহিত করা যায় না। যৌনপল্লীতে বিনামূল্যে বস্তা বস্তা সরবরাহ করার পরও, সংশ্লিষ্ট যৌনকর্মী ক্লায়েন্টের হাতে তুলে দিলেও খুব কম ক্লায়েন্ট লক্ষ্মী ছেলের মত তা ব্যবহার করেন। যৌনরোগ আপন খেয়ালে ছড়িয়ে পড়ে।
          আমার নাম 'নিরোধ' হলেও আমার ক্ষমতা কেবলমাত্র  অবাঞ্ছিত জন্ম এবং কিছুটা যৌন সংক্রমিত অসুখ নিরুদ্ধ করাতেই সীমাবদ্ধ।  এবং হ্যাঁ। আমাদের স্থান নরনারীর সঙ্গমকালে কেবলমাত্র পুং যৌনাঙ্গ বেষ্টন করে। অন্য কোথাও ( যেমন- বন্দুকের নল)
লাগিয়ে দিলেই আমাদের ক্ষমতা নেই অন্য কিছু ( বুলেটের গতি)
রোধ করার। আবেগের বশে অনেকের মুখ এবং কলম/ কি বোর্ড দিয়ে অনেক কথা বেরোয়। বক্তা/ লেখক যত বড় সেলিব্রিটি ই হোন না কেন, যত গুরুতর পরিপ্রেক্ষিতেই বলে থাকুন না কেন ,  চোখ কান বুজে ইগনোর করুন। চেঁচিয়ে লোক জড়ো করবেন না। সোশাল মিডিয়ায় ঝড় তুলে নিজেদের মূল্যবান সময় নষ্ট করবেন না।
        আমাদের যথাযথ ব্যবহার করুন এবং আনন্দে থাকুন।

© শর্মিষ্ঠা নাহা