তবে চলি আজ...
একদিন দেখা হবে অন্তিমলগ্নে ,
হয়ত তখন শান্তিময় চিরনিদ্রায়
সবকথা রয়ে যাবে বাকি....
তাই আজ বলে যেতে চাই......
কেন এত ফাঁকি ?
সেদিনও তো এসেছিলে
হাতে ছিলো ঝরা বকুলের ফুল
কিছুটা গন্ধ তার সাজিয়েছ উপহার করে
বাকিটুকু নিয়ে গেলে
ভালবাসা রয়ে গেলো বাকি.....,
কত রাত ভেবেছি তোমায়
ওই ঝরা ফুল গুলো যে গন্ধ দিয়ে গেলো
সেই গন্ধে অপেক্ষার প্রহর গুনেছে ভোর,
তাই বুঝি ভুল করে আজ ফাগুনের শেষে
চৈতি হাওয়ার বেসে তুমি এলে ?
আজ ঝরা ফুল নেই হাতে....
সাজিয়েছ ভালবাসা ফুলের মালাতে
জানি শুধু ভুল....
ভুল পথে এলে তুমি আজ ,
ভালবাসা সেও কি গো ভুল ছিলো ?
শুকনো ফুলের মত ঝড়ে গেলো তাই ---
শুধু আসা যাওয়া একটি মনের মাঝে ,
প্রেম কত নিদারুণ তুমি....,
মন কত অসহায়..
আবেগের স্রোতে ভাসে
ঝরা বকুলের গন্ধ আজও তাই ,
এ জীবনে আর নয় চলি তবে
যতটুকু দিলে..শুধু সেইটুকু নিয়েছি আমি ,
না সে কোন প্রাপ্তি নয় --
শুধু হারানোর কথা ,
তবু নিয়ে যাই পড়ে থাক
কিছুটা কান্না আজ চৈতির শেষে...,
সেই অন্তিমলগ্নে এসে কোন ফাগুন হাওয়া
যদি ছুঁয়ে যায় তোমায়...
সেই কান্নায় ভিজে
আমার বুকের পাঁজর খানি আমি দিয়ে যাব....,
ধোঁয়ার আগুণে মিশে দেখা হবে সেই শেষে..।।
__________________________________
© বৈশাখী চ্যাটার্জী
আমরা সবাই তৃতীয় বিশ্বের জীবনযুদ্ধের পদাতিক সেনা। যেখানে উদয়াস্ত পরিশ্রমের মাঝে ব্যাক্তিগত শখ পূরনের পরিসর খুবই স্বল্প। এর পরেও কিছু মানুষ তাদের মনের ভাবনাগুলোকে অক্ষরের ভাষাতে ফুটিয়ে তোলেন। হয়ত অপটু হাতেই, কিন্তু সেটা ভাবনার পরিষ্ফুটনের পথে কোন বাঁধা নয়। আর সেই সকল মৌলিক লেখনিকে সম্মান জানাতে তার থেকে কিছু নির্বাচিত নির্যাস দিয়ে সাজানো আমাদের এই "নির্বাচিত অকপট লিপি"
Wednesday, 19 April 2017
।। বিদায় ।।
Wednesday, 12 April 2017
।। শরীর ।।
শরীর তো পণ্য একটা
দরদাম হাটে --
পোষালোনা দেখে ফিরে চলে বাটখারা হাতে
মুদিখানা ব্যবসায়ী -
শরীর সে তো ধর্ম বিহীন ,
রক্ত মাংস লোলুপ --
শরীরের সব কটি ভাঁজে তোর চুল চেরা দৃষ্টি
টসটস করে ঝড়ে পড়ে লালা !
যেমন কুকুরের জিভে লালা ঝড়ে পড়ে
মাংস পিণ্ড দেখে ---
শরীর তোর কত দাম আমি জানি না ,
এত ভাঙ্গা চোরা ভালবাসা চেটেপুটে খায় --
শরীর তবুও শরীর হয়েই শরীরেতে থেকে যায় ॥
_________________________
© বৈশাখী চ্যাটার্জী
Saturday, 25 March 2017
।। সাহারার মরুভূমি ।।
আমি একলা দাঁড়িয়ে বিরাট ভীষণ
সাহারার মরুভূমি---
বহুযুগ থেকে বালিয়াড়ি হয়ে...
দুর্গম সীমাহীন রহস্য নিয়ে ,
কোনো এক কালে সবুজ বনানী ছিলো ,
কতো নদী বয়ে গেছে বৃষ্টির কতো জল ,
কতো পাখি গেয়ে যেতো গান --
মানুষ কেটেছে সবুজের বন ,
প্রকৃতি পেতেছে বালির চাদর !
বড় অভিমানে চিরবসন্ত বিদায় দিয়েছি আমি..
কখনও উষ্ণ আবার শীতলও ,
তবু ভালবাসা ভরা বৃষ্টির সুখ দেয়নি কোনো আকাশ ,
আজ ভীষণ শুকনো তৃষাতুর আমি বালি ।
হঠাত্ তুষার ঝড় আলজিরিয়ার বুকে ,
ভালবাসা যেনো তুষারবৃষ্টি হয়ে --
শুভ্র সাদায় আমাকে ঢেকেছে আজ ,
ভালবাসা আজ চুম্বন হলো ,
ভালবাসা আজ শরীরী মিলন ,
ভালবাসা আজ শুকনো মাটিতে এক বুক জমা জল ---
আজ তৃপ্ত সাহারা মরুভূমি এক -তৃপ্ত বালির প্রান্তর ॥
___________________________
© বৈশাখী চ্যাটার্জী
Saturday, 18 March 2017
।। কন্যাভ্রুণ ।।
মা গো আমি তোমার জঠরে
একটি কন্যাভ্রূণ -
সুপ্ত ঘুমন্ত কিন্তু আমি জীবন্ত বেঁচে থাকা ।
তুমি কি জেনেছ আমার সম্ভাবনার কথা --
মা গো তুমি কি আমাকে জন্ম নেবার
অধিকার দিতে পার -
পৃথিবীর ওই আলো বাতাসেতে আমি কি খেলব ?
মা তোমার কোলেতে তোমার আদরে
আমি কি হব বড় ?-
তুমি কি আমাকে জন্ম নেবার অধিকার দিতে পার --
তোমার রক্তে তোমার শিরায় আমার
নিঃশ্বাস আনাগোনা,
আমি অনুভূতিময় সম্ভাবনায়
একটি সুপ্ত আলো --
মা হয়ে কি তুমি নিভিয়ে দেবে গো,
করবে জঠর কালো ?
বংশরক্ষা নাইবা হলাম প্রদীপ জ্বালাবো নারী ,
হয়ত দেখবে নিজের জঠরে বিশ্ব ধরতে পারি -
দেখনাগো মা কেমন ঘুমিয়ে একটি ছোট্ট প্রাণ ,
সে যে ধুকপুক বুকে নিঃশ্বাস নেয় মা --
মা গো সে কি শিহরণ দেয়না ?
সে কি তোমার নিজের আত্মজ হয় না ?
তাকে খুন করে বিশ্বে কি করে নিন্দিত কর মা ডাক ---
কন্যা ভ্রূণের কণ্ঠে কি গো মা
ওই ডাক বড় অভিশাপ ?
অভিশাপ গোটা নারীত্ব জুড়ে নারীর রক্তে বিষ ,
নারী না থাকলে জঠর হবে না জ্বলবেনা কোন আলো -
নারী না থাকলে এ বিশ্বধরা অভিশাপময় কালো॥
_______________
© বৈশাখী চ্যাটার্জী