Showing posts with label সৌরভ আহমেদ সাকিব. Show all posts
Showing posts with label সৌরভ আহমেদ সাকিব. Show all posts

Wednesday, 23 November 2016

।। এভাবেও বাজি জেতা যায় ।।

এভাবেও বাজি জেতা যায়!
আলতো বাঁক পেরিয়ে
এক দুই আড়াই।
বকলমে সঞ্চিত পাপ,
ছাই এর গভীরে লুক্কায়িত ধূর্ততা
উড়িয়ে দিয়ে বোঝাতে চাও
পলাশবন,বিশ্বায়নের বসন্ত কাকে বলে!

আমাদের চাওয়া পাওয়া
রিকসার চাকার মত চেনে
কিনু গোয়ালার গলি,
ফেরিওয়ালার দুপুর বেলার বাঁশি।

পাথর খুঁড়ে ইতিহাস লেখার
শাবল নেই আমাদের।
মধ্যাহ্নে ঝোল ভাতে একটা গোটা মাছ,
নরম ঘুমের ভেতর বউ এর গলা
জড়িয়ে ধরা হাত,
সরিয়ে রাখে আসন্ন বিপ্লব।

জাপানী তেলের তীব্রতা দিয়ে
আমরা মাপি যৌনতার তেজ,
আর বেবী ডলের ছবিতে চুমু
খেয়ে স্ট্রবেরী বিলাসিতা।

আমরা বাজি জিতি
সন্ধ্যায় চায়ের ভাঁড়ের মরা মশা সরিয়ে,
হারানের কাছে একটা বিড়ি পেয়ে,
রাতের বেলায় ভুঁড়ির ব্যায়ামে,
দু'মিনিট বিছানায় বউএর মুখে
মৃদু হাসি পেয়ে....

আমরা মধ্যবিত্ত বিপ্লবী,
সকাল বিকালের বাজার দর,
আর কুমড়ো পটাশের
চিন্তায় রাজনীতি করি।
গল্পগুচ্ছ, গোরা'কে বই তাকে
নিশ্চিন্তে ঘুমোতে দিয়ে,
কস্মিনকালেও না ঘেঁটে
রবিবাবুর চরিত্র নিয়ে তিনি
সস্তা বোয়াল কি
পাঙাস মাছ ছিলেন,
তার বাছ বিচার করি...
মাঝরাতে পাপের অ্যাশট্রেতে
বিলেত ফেরত বন্ধু অমলেন্দুর
দেওয়া পোড়া সিগারেট এর
বাকি অংশটুকু খুঁজি ,
আর নিজেদের ব্যারেন ফিউচার
নিয়ে ফিলিপ্পো আরিনোত্তিকে হিংসে করি....


_______________________
© সৌরভ আহমেদ সাকিব

Tuesday, 8 November 2016

।। জীবনের প্রয়োজন ।।

আসছে হিমেল হাওয়া
হৃদয় ডিঙিয়ে।
বয়সের ইস্টিশানে দাঁড়িয়ে
দেখি, চলে যাচ্ছে শরৎ শ্রাবণ।
নভেম্বরের মাঝখানে সূর্য
কোমল হয়ে নদী জলে 
লিখে রাখে আশ্রয়কথা.....
যাপিত সন্ধ্যার মায়াময় স্মৃতি,
গেরস্থালির আবহমান বিষাদ গাথা
ধুয়ে ফেলে পথ চলা শুরু;
গোচারণ,নলখাগড়ার কথকতা
নিয়ে ঘুমিয়ে থাকা আবহমান রাত্রিতে 
কারুর চোখের দু'ফোঁটা শিশির পতন,
মাটিতে বুকে রেখে যায় জীবনের তাপ।
তারপর কত পথ হাঁটা,
কত অনুতাপ ধুলোর মত 
উড়ে চলে যায়।
পাতার বিবর্ণ স্বপ্নের মত বয়সও
নীরবে মেনে নেয় যাবতীয় ভুল,
আর যাযাবর মন কোনো পান্থনিবাসের 
পাশে দাঁড়িয়ে ভাবে এই তো জীবন,
নাই বা কষা হল গণিত,
সব কিছু পাওয়া কি 
জীবনে খুব প্রয়োজন!
__________________
সৌরভ আহমেদ সাকিব