Showing posts with label রি জু. Show all posts
Showing posts with label রি জু. Show all posts

Saturday, 4 February 2017

।। এক টুকরো কাপড় দিবি? ।।



বাবু গো একটুকরো   কাপড় দিবি?
ভোরের কুয়াশার সমন এসেছে,
বাছা আমার,
  ব্রিজের নিচে সারারাত কেঁপেছে,
আজ সকালে ধুম জ্বর।
বাবুরে মোর ও তো ছিল ঘর।
সেই সুদুরে,
মাতলা পারে।
সেই যে সেবার আইলা এলো?
বরটা মোর চাপা পড়ল।
দুধের বাছা সবে দুই তখন।
তার আগে মেয়্যাটাও গেল দুদিনের জ্বরে।
ভয় করে বাবু,
বাছাই আমার শেষ সম্বল।
বরটা মোর খাটনে ছিল!
সোহাগ করে মালা এনে দিত।
জানিস বাবু?
ওরা বলে নাকি আমি ডাইনি।
মেয়ে খেয়েছি,পরে বরও।
বল বাবু, ডাইনি কে কি বর কখনও সোহাগ করে?
হতচ্ছাড়া খিদাতেও চেঁচায়না।
কাঁচে ঘেরা ঘরে তাকিয়ে থাকে।
তবুও বাবু আমি খাওয়ার চাইনে।
শীতে বাছা আমার বড্ড চেঁচায়।
বাবু একটুকরা কাপড় দিবি?
বাছা আমার সারা রাত কেঁদেছে।
বুকের দুধও শুকিয়ে গেছে কবে।
নয়ের বাছা কম খিদে বল?
তাও বাবু আমি খাওয়ার চাইনে।
খাটলে খাবে।
নাহয় মরবে।
কিন্তু কাপড়?
বাবুরে ওটা বিলাসিতা।
বাছা আমার কিচ্ছু বলে না।
মায়ের কষ্টে বুক ফাটে তার।
কিন্তু আমি তো মা?
মেয়্যাটা গেল দুদিনের জ্বরে।
সেই থেকে ভয়ে মরি,
বাবুরে সকালে দেখি বাছারও আমার ধুম জ্বর।
একটুকরো কাপড় দিবি?
____________________________
© রি জু

Thursday, 2 February 2017

।। প্রেমিকা আমার ধর্ষিতা ।।



আত্মার কালো হাত চেপে ধরেছিল তার উন্নত সুডৌল বুক,
ফালা ফালা করে দিয়েছিল ব্লাউজ-শাড়ী,
সাথে আবেগ, ভালবাসা, অহংকার, ঔদ্ধত্যের চির নির্বাসন দিয়েছিল।
জালিয়ে পুড়িয়ে  ছারখার করে দিয়েছিল সমস্ত ভালবাসা,
নিভিয়ে দিয়েছিল কুমারীর ব্রতের সন্ধ্যা প্রদীপ।
ধোঁয়ায় ছেয়ে গেছিল গোটা আকাশ।
আকাশে বাতাস মুখরিত করেছিল সদ্য যুবতীর করুন আর্তনাদ।
সে আমার প্রেমিকা।
তবুও নির্বাক আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম।
একে একে এসে ওরা ছিঁড়ে-খুঁড়ে খেল আমাদের সাজানো বাগান।
বহু স্বপ্নের,বহু লালসার,বহু কামনার সাজান বাগান।
হ্যাঁ, আমার সামনে,
আমি নির্বাক দর্শক,
এর পরেও কি আমার বাঁচার অধিকার থাকতে পারে?
কে বলল পারে না?
আমি পুরুষ।
কোন অধিকারে আমি গিয়ে দাঁড়াব ওর সামনে?
কেন দাঁড়াব না?
আমি পুরুষ।
আমার দন্ত-নখ ভেতরে ঢুকে যায়,
প্রেমিকা যখন ধর্ষিতা হয়।
আর রাতের আঁধারে একা পেলে?
তাও বুঝি বলতে হয়?
তবুও নীলাঞ্জনা,
তুমি আমাকে ক্ষমা কর।
আমি পারিনি, তোমার সম্মান রক্ষা করতে।
কারন আমি চাইনি।
আমি ভীরু,আমি কাপুরুষ।
'কা' হলেও পুরুষ তো বটে!
নীলাঞ্জনা, পরে কোনদিন প্রেমিকা হয়ে এলে,
তুমি দৌপ্রদি হয়ে এস,
পরে কোনদিন কন্যা হলে, জনক কন্যা হয়ে এস।
এস কিন্তু।
সহ্য করতে যুগে যুগে ফিরে এস,
কালে কালে অমরত্ব লাভ করে ফিরে এস।
অপেক্ষায় থাকব, নীলাঞ্জনা।
যতই হোক আমিও তো পুরুষ।
রামায়নের উত্তরসূরি আমাদের কাহিনী।
কি করে পারব ধর্ষিতাকে সহধর্মিণী  বানাতে?
বিদায় দিও, ভাল থেক।
_________________________
© রি জু